
নিয়ামত ও বরকতে ভরা ঐশী রজনী শবে বরাত
-মাননীয় মোর্শেদে আজম।
লায়লাতুল নিসফে মিন শাবান তথা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ মুসলমানদের জন্য মহাসৌভাগ্যের বার্তা নিয়ে হাজির হয়। ইবনে মাজাহ শরীফে বর্ণিত রয়েছে- হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন- এক রাতে আমি রাসূলুল্লাহ (দ.)-কে আপন কক্ষে না পেয়ে তাঁর খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম তিনি জান্নাতুল বাকিতে। উনি উনার মাথা মোবারক আকাশের দিকে তুলে আছেন। তিনি বললেন, হে আয়েশা !
তুমি কি আশঙ্কা করছ যে, আল্লাহ ও তাঁর রাসূল (দ.) তোমার প্রতি অবিচার করবেন? আয়েশা (রা.) বলেন- তা নয় বরং আমি ভাবলাম যে, আপনি হয়তো উম্মেহাতুল মুমেনিনদের মধ্যে অন্য কোনো হুজরায় তাশরীফ নিয়েছেন। তখন তিনি বললেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার কাছাকাছি আকাশে অবতরণ করেন এবং বনি কালব গোত্রের মেষপালের পশমের চাইতেও অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন।
পবিত্র হাদিস শরীফে বর্ণিত এ রাতের গুরুত্ব ও তাৎপর্যকে মুসলমানদের মাঝে তুলে ধরার জন্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিল উদযাপিত হয়ে আসছে। ফয়েজে কুরআন, তাওয়াজ্জুহর মাধ্যমে নূরে বাতেন প্রদান, মোরাকাবা ও নফল এবাদত এর বরকতময় কর্মসূচি দিয়ে লায়লাতুল বরাত মাহফিলের কর্মসূচি সাজানো হয়। খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এঁর এখলাসের ওসিলায় ও লাইলাতুল বরাতের বরকতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জন্য রহমত কামনা করা হয়।
আজ ০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাদে জোহর হতে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭৩তম পবিত্র শবে বরাত মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।
মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.