নীলফামারী জেলার ডোমার উপজেলার আওতাধীন হংসরাজ দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নে তুলনামূলকভাবে এগিয়ে থেকে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হয়েও প্রতিষ্ঠানটি নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ ও দক্ষ শিক্ষক মণ্ডলীর মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করে চলেছে।
বিদ্যালয়টিতে আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা, নিয়মিত মূল্যায়ন ও অভিভাবক সম্পৃক্ততার ফলে শিক্ষার্থীদের ফলাফল ও আচরণগত উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ছাত্রীদের শিক্ষায় আগ্রহ বৃদ্ধি ও ঝরে পড়া রোধে বিদ্যালয়টির ভূমিকা প্রশংসনীয়।
এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরে আলম গোলাম ফারুক বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করানো নয়, বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি বিকাশে ভূমিকা রাখা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আজ হংসরাজ দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার মানে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং সহশিক্ষা কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে।
সামগ্রিকভাবে বলা যায়, শিক্ষার গুণগত মান, সুশাসন ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হংসরাজ দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয় ডোমার উপজেলার শিক্ষা অঙ্গনে একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছে।