
বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার দল থেকে পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে জননন্দিত এই নেতা তাঁর দীর্ঘ চার দশকের বিএনপি রাজনীতির অধ্যায়ের ইতি টানলেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে তিনি বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর জেলা কমিটির সদস্য এবং উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে লিখিত পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে তিনি তাঁর পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রকাশ করেন।
পদত্যাগপত্রে মাহাবুব মাস্টার উল্লেখ করেন, দীর্ঘ ৪০ বছর সুনাম ও নিষ্ঠার সঙ্গে জাতীয়তাবাদী দল বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি রাজনীতি করেছেন। এই দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি মামলা-হামলা, গ্রেপ্তার, কারাবরণ, জুলুম-নিপীড়ন ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বর্তমান সময়ে তিনি নিজ দলেই লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন—এমন বাস্তবতা থেকেই তিনি পদত্যাগের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার এর আগে বানারীপাড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত বছরের জুলাই মাসে অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। তবে ওই কাউন্সিলে তাকে ২ নম্বর সহসভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ শেখ ফরিদ হোসেন বার্তা সম্পাদকঃ জিয়াউল ইসলাম জিয়া
WhatsApp 00447798833284 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
Copyright © 2026 প্রমথ আলো । বাংলা নিউজ পেপার. All rights reserved.