খোরশেদ আলম, নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আখতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
২০১৭ সালের ১৯ নভেম্বর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আখতার হামিদ সিদ্দিকী। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটে।
মরহুমের কনিষ্ঠ পুত্র ও আখতার হামিদ সিদ্দিকী ফাউন্ডেশনের চেয়ারম্যান রেজওয়ান আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. ইফতেখারুল আলম ইপুর সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাবলু, উপজেলা বিএনপির সদস্য ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মণ্ডল, উপজেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম, যুবদল নেতা আবদুস সোবহান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান লোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল ইসলাম এবং বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শিবলী নোমানী চৌধুরী।
অনুষ্ঠানে পারিবারিকভাবে উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র কন্যা ব্যারিস্টার ফারিয়া সিদ্দিকী শ্যালেন, ছোট বোন সাবেক রাষ্ট্রদূত রেজিনা সুলতানা এবং কনিষ্ঠ পুত্র রেজওয়ান আরেফিন সিদ্দিকীর সহধর্মিণী নাহিদ বিনতে মুরাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সাত্তার নান্নু, জ্যেষ্ঠ সাংবাদিক বরুণ মজুমদারসহ মহাদেবপুর-বদলগাছী এলাকার ১৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে তাঁদের অংশগ্রহণে স্মরণসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা মরহুম আখতার হামিদ সিদ্দিকীর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ১৯৯১ সালে নওগাঁ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে জীবনের শেষ সময় পর্যন্ত মহাদেবপুর-বদলগাছী অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনে সাংগঠনিক সংহতি ও নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল, তা স্থানীয় রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে।
২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনকালে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন বক্তারা। তাঁদের মতে, ওই সময়ে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে আজও আলোচিত। এ কারণে দুই উপজেলার অনেক মানুষ তাঁকে এলাকার উন্নয়নের অন্যতম রূপকার হিসেবে অভিহিত করেন।
এদিকে মরহুমের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার প্রসঙ্গও স্মরণ করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০০৯ সালের ২১ মার্চ মহাদেবপুরের নিজ বাসভবন থেকে তাঁকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় এবং পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। পরিবারের দাবি অনুযায়ী, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি বেকসুর খালাস পান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৪৭ সালের ৩০ মে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আরিফ উদ্দিন এবং মাতা আলতাফুন্নেসা। দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও উপস্থিত সবাই অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩