খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কারা সুপার রত্না রায়, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হন জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
আলোচনায় জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মহড়া অনুষ্ঠিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং এটিএম মাঠে ২১ বার তোপধ্বনির আয়োজন করা হবে। এ ছাড়া প্রধান সড়ক ও বিভিন্ন সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে। জাতীয় পতাকার মর্যাদা ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে পতাকা উত্তোলন এবং এ সময় জাতীয় সংগীত পরিবেশনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে এটিএম মাঠে বিজয় মেলার আয়োজন করা হবে। একই ধরনের কর্মসূচি জেলার সব উপজেলাতেও পালিত হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
এ ছাড়া হাসপাতাল, শিশু পরিবার ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং সরকারি শিশু বিনোদনকেন্দ্রগুলোতে শিশুদের বিনা টিকিটে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অতীতে নওগাঁ জেলায় কোনো জাতীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আগামী দিনেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে নওগাঁ জেলা সম্পর্কে নেতিবাচক মন্তব্যের সুযোগ সৃষ্টি হয়।
তিনি জাতীয় দিবসগুলোর কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩