খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর-ই-আলম মিঠু, চেয়ারম্যান সরোয়ার কামাল চঞ্চল, কৃষিবিদ মো. ফিরোজুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার আটটি ইউনিয়ন ও নওগাঁ পৌরসভার সুবিধাভোগী কৃষকরা অংশ নেন। প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, অতীত সরকারের আমলে কৃষকরা এ ধরনের সুযোগ-সুবিধা পাননি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক জিয়া কৃষকবান্ধব হওয়ায় কৃষকদের কল্যাণে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের অভিযানও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, নওগাঁ বাংলাদেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী জেলা। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর এ জেলা থেকে উদ্বৃত্ত চাল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কৃষির এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে হলে প্রচলিত ও পুরোনো চাষাবাদ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে।
কৃষকদের উদ্দেশে তিনি বলেন, কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন। কৃষকদের প্রয়োজনে বিনামূল্যে সেবা প্রদানের জন্য কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন। কৃষি উৎপাদন বাড়াতে সরকারি সহায়তার যথাযথ ব্যবহার এবং কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩