মো. শুকুর আলী, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া কালীমন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী শ্রীশ্রী লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে ভাটিপাড়া যুব সংঘের আয়োজনে অনুষ্ঠানের শেষ দিনে ভক্তবৃন্দের অংশগ্রহণে ধর্মীয় কীর্তনসহ নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। নগর কীর্তনে অংশ নেন বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ভক্ত ও অনুসারী।
এর আগে বৃহস্পতিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। শুক্রবার দিনব্যাপী ও রাতভর অনুষ্ঠিত হয় কীর্তন মহাযজ্ঞ। এতে ভক্তরা নামসংকীর্তনে অংশ নিয়ে ধর্মীয় আবহে সময় অতিবাহিত করেন।
অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন সিলেটের গোয়াইনঘাটের কীর্তনীয়া অপু দেবনাথের পরিচালনায় শ্রীশ্রী রাধা মানব গীতা সংঘ।
আয়োজক ভাটিপাড়া যুব সংঘের সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক রুবেল তালুকদার ও কোষাধ্যক্ষ হৃদয় তালুকদার জানান, লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহণে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করায় তাঁরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মন ও সদস্য সৈকত দাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও সৌহার্দ্যের এক মিলনমেলা সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩