মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক চট্টগ্রাম
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রোটারিয়ান এস এম আজিজ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর বায়েজিদ জামান হোটেলের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান এস এম আজিজ। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভির ব্যুরো চিফ নুরুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) এবং মনির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কিউ মুসলেহ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন নবী হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পারভেজ হৃদয়।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান এস এম আজিজ চট্টগ্রাম নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনদুর্ভোগ নিরসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে এ লক্ষ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রধান বক্তা সাংবাদিক কামরুল ইসলাম বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে যোগ্য, দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নগর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করাও জরুরি।
উদ্বোধক মাই টিভির ব্যুরো চিফ নুরুল কবির বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ নগরীর উন্নয়নে যানজট নিরসন, জলাবদ্ধতা মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি জাতীয় সাংবাদিক সংস্থা, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, জনপ্রতিনিধিদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া। নগরীর উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মনির আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কিউ মুসলেহ উদ্দিন তাঁর বক্তব্যে নগর উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নয়নের সুফল যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে নবী হোসেন বলেন, চট্টগ্রাম মহানগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে রাজনৈতিক নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান সঞ্চালক পারভেজ হৃদয় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি নগরীর উন্নয়ন ও জনকল্যাণে গঠনমূলক আলোচনা এবং সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জাতীয় পার্টি (কাজী জাফর)-এর চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩