নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন সংস্থাটির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, শ্রম ও আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এ মনোনয়নে চট্টগ্রামের সাংবাদিক মহলে আনন্দ ও শুভেচ্ছার বার্তা ছড়িয়ে পড়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর গনি, মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেন, নীতি-নির্ধারক পরিষদের সভাপতি মোহাম্মদ জামাল হোসেনসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি-নির্ধারক পরিষদের সব নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, এ অর্জন তাঁর একার নয়; বরং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সব নেতাকর্মীর সম্মিলিত অর্জন। তাঁদের ত্যাগ, পরিশ্রম, আন্তরিকতা ও সহযোগিতার ফসল এ অর্জন। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগরের সব নেতাকে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার ভিত্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে টিটু বলেন, হলুদ সাংবাদিকতার কোনো স্থান থাকা উচিত নয়। প্রত্যেক গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগত স্বার্থ ও সব ধরনের প্রভাবের ঊর্ধ্বে উঠে সততা, সাহসিকতা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট রাখতে হবে।
সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের টুঁটি চেপে ধরার দিন শেষ। সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি তাঁদের হাতে থাকা কলম। সত্য প্রকাশে সাহস, পেশাগত সততা ও দায়িত্বশীলতাই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয়। তিনি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এ দায়িত্ব পালনে তিনি সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের সব নেতৃবৃন্দসহ সাংবাদিক সমাজের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য, এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়া (যতরকূল) গ্রামের কৃতী সন্তান। তিনি মাস্টার মরহুম ছৈয়দ আহমদ চৌধুরীর পরিবারের সন্তান। তাঁর পিতা মাস্টার মরহুম মোহাম্মদ মহসিন চৌধুরী ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর মাতা মরহুমা ফরিদা মহসিন চৌধুরী। তাঁরা তিন ভাই ও এক বোন। তিনি পরিবারের মেজ সন্তান। তাঁর অন্য ভাই-বোনেরাও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩