নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে উপজেলার কদলপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. জাফর (৩৮) এবং মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)। তারা সবাই রাউজান উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে কদলপুর ১ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসার সামনে একদল ডাকাত অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি ও রাউজান থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাজ্জাদ ও জাফর এলাকায় ‘রায়হান’ নামের এক ব্যক্তির প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রায়হানের নির্দেশে তারা স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় এবং অবৈধ বালু উত্তোলনের টাকা সংগ্রহ করতেন।
অন্যদিকে, কনিষ্ঠ সদস্য সাফায়েত হোসেন সিফাত এলাকার একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে যুক্ত ছিল। এই গ্যাংটির মাধ্যমে এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো বলে পুলিশ তথ্য পেয়েছে।
রাউজান থানা পুলিশ জানায়, এলাকায় এই সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক ভাঙতে ও জড়িত অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩