প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৩:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৮:৫৩ পি.এম
তাড়াশে বিদ্যুতের শর্ট সার্কিটে অল্পের জন্য বড় অগ্নিকাণ্ড এড়ানো, এলাকায় আতঙ্ক
![]()
- তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রফেসর পাড়ায় বিদ্যুতের মেইন ড্রপ লাইনে শর্ট সার্কিট থেকে অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এড়ানো গেছে। সোমবার (৬ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রফেসর পাড়ার বাসিন্দা মৃত ঠান্ডু মাস্টারের স্ত্রীর বাড়ির বিদ্যুৎ সংযোগের মেইন ড্রপ লাইনে হঠাৎ শর্ট সার্কিটের সৃষ্টি হয়। একপর্যায়ে বিকট শব্দ ও তীব্র স্পার্কিংয়ের পর তারটি ছিঁড়ে একই এলাকার বাসিন্দা আব্দুল হালিম খন্দকারের নতুন টিনের ছাদের ওপর পড়ে। এতে টিনের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং যেকোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলেন এবং বিদ্যুৎ বিভাগে খবর দেন। পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এতে বসতবাড়ি, আশপাশের স্থাপনা এবং মানুষের প্রাণহানিসহ সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রফেসর পাড়ার ঝুঁকিপূর্ণ ও পুরোনো বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, সময়মতো রক্ষণাবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ লাইন পরিবর্তন করা হলে এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো না।
স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ ও অপরিকল্পিতভাবে বিদ্যুতের সংযোগ দেওয়া এবং নিয়মিত তদারকির অভাবের কারণেও এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। তারা দ্রুত পুরো এলাকার বিদ্যুৎ লাইন পরিদর্শন, ঝুঁকিপূর্ণ তার ও সংযোগ অপসারণ এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ও সম্ভাব্য প্রাণহানি এড়ানো সম্ভব হবে।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩