মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চিকিৎসক অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এতে করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, বাড়ছে দুর্ভোগ। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্যকেন্দ্রটির মূল ফটক তালাবদ্ধ।
ভেতরে কয়েকজন রোগী অপেক্ষা করলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের কোনো উপস্থিতি ছিল না। এসময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মুঈন উদ্দিন রোগীদের প্রাথমিক সেবা দেওয়ার চেষ্টা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত রোস্টার অনুযায়ী, সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এই কেন্দ্রে দায়িত্ব পালনের কথা মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস শশীর। তবে হাজিরা খাতায় স্বাক্ষর থাকলেও বাস্তবে তাকে কর্মস্থলে পাওয়া যায়নি।
সরেজমিনে হাজিরা খাতা পর্যালোচনায় বিভিন্ন স্বাক্ষরে অসামঞ্জস্যও লক্ষ্য করা গেছে। নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মুঈন উদ্দিন বলেন, “ম্যাডামের আসার কথা থাকলেও এখনো আসেননি। রোগীরা এসে ফিরে যাচ্ছেন।” স্থানীয় বাসিন্দা ও সেবা নিতে আসা রোগীরা অভিযোগ করেন, নির্ধারিত সময় অনুযায়ী স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয় না।
চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতির কারণে অনেক সময় রোগীদের বিকল্প ব্যবস্থার দ্বারস্থ হতে হচ্ছে। তাদের আরও অভিযোগ, সংশ্লিষ্ট চিকিৎসক ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত না এলেও উপজেলা সদরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন।
বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, সংশ্লিষ্ট চিকিৎসককে এর আগেও শোকজ করা হয়েছে। বিষয়টি পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, এই চিকিৎসকের বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ নতুন নয়। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে এবং এবার দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি।
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩