ডেক্স রিপোর্ট::
আমি আছলিমা বেগম। আজ আমি একজন কলামিস্ট হিসেবে নয়, একজন নিখোঁজ বাবার মেয়ে হিসেবে লিখছি। আমার বাবা আব্দুল মছব্বির—একজন সাধারণ মানুষ, একজন বাবা, আমাদের পরিবারের আশ্রয়। ২০২৪ সালের ৪ ডিসেম্বর ময়নাবাজারের একটি দোয়া মাহফিলে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ। আজও আমরা জানি না, আমার বাবা কোথায়।
বাবাকে হারানোর এই অনিশ্চয়তা আমাদের প্রতিটি দিনকে ভারী করে তুলেছে। আমরা খুঁজেছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়েছি। কিন্তু এখনো বাবার কোনো সন্ধান পাইনি।
আমার বাবা অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কথা বলতেন। ২০২৪ সালের ১০ নভেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর থেকেই আমার বাবাকে হুমকি দেওয়া হয়েছিল বলে আমরা অভিযোগ করে আসছি। আমাদের পরিবারকেও ভয়ভীতি দেখানো হয়েছিল।
এর কিছুদিন পরই আমার বাবা নিখোঁজ হন।
এটা কি নিছক কাকতালীয়?
আমি এই প্রশ্নের উত্তর চাই।
নিখোঁজের রাতে কয়েকজন মুখোশধারী ব্যক্তি একটি প্রাইভেটকার থামিয়ে আমার বাবাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে বলে একজন প্রত্যক্ষদর্শী আমাদের জানিয়েছেন। যদি এই বক্তব্য সত্য হয়, তাহলে আমার বাবাকে কারা নিয়ে গেল? কেন নিয়ে গেল? তাদের উদ্দেশ্য কী ছিল? এতদিনেও বাবার সন্ধান মিলল না কেন?
আরিফুল হকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর বাবার ওপর কথিত হুমকি এবং পরবর্তীতে তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে আলাদাভাবে দেখার সুযোগ নেই—এমনটাই মনে করি আমি। তাই আরিফুল হকের ভূমিকা নিয়েও নিরপেক্ষ ও গভীর তদন্ত চাই।
আমি কাউকে আদালতের বাইরে দোষী ঘোষণা করছি না। কিন্তু আমি একজন মেয়ে। আমার বাবার নিখোঁজের সঙ্গে যারাই কোনোভাবে জড়িত থাকুক, তাদের রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার অবস্থান বিবেচনা না করে তদন্ত করতে হবে।
আরিফুল হকের কাছে আমার সরাসরি প্রশ্ন—আমার বাবা কোথায়?
যদি তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে তিনিও নিশ্চয়ই চাইবেন প্রকৃত ঘটনা প্রকাশ্যে আসুক, আমার বাবা কোথায় আছেন তা বের হয়ে আসুক এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার হোক।
আমি প্রতিশোধ চাই না। আমি বিচার চাই। আমি কোনো নিরপরাধ মানুষের ক্ষতি চাই না। কিন্তু আমার বাবার নিখোঁজের রহস্যের উত্তর চাই।
একজন বাবা নিখোঁজ হওয়ার পর একটি পরিবার যে কী অসহায় অবস্থার মধ্যে পড়ে, তা কেবল সেই পরিবারই জানে। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকা, ফোন বেজে উঠলেই বাবার খবরের আশায় বুক ধড়ফড় করা—এভাবেই আমাদের দিন কাটছে।
আমার কলম আজ প্রশ্ন করছে—একজন মানুষ নিখোঁজ হয়ে যাবেন, আর আমরা শুধু অপেক্ষা করব?
না। আমি অপেক্ষারও একটি শেষ চাই। সত্যেরও একটি প্রকাশ চাই।
প্রশাসনের কাছে আমার দাবি, আমার বাবার নিখোঁজের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ, নিখোঁজের রাতের ঘটনা, প্রত্যক্ষদর্শীর বক্তব্য এবং আরিফুল হকসহ সংশ্লিষ্ট সবার ভূমিকা তদন্তের আওতায় আনা হোক।
আমার বাবা যদি বেঁচে থাকেন, তাকে নিরাপদে আমাদের কাছে ফিরিয়ে দিন।
আর যদি কেউ আমার বাবার নিখোঁজের সঙ্গে জড়িত থাকে, তার রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতা যেন আইনের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
আমি আছলিমা বেগম। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।
আমার প্রশ্ন একটাই আমার বাবা আব্দুল মছব্বির কোথায়?
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩