নিজস্ব প্রতিবেদক: নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ব্রিজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা ‘আজাদ লাচ্ছা সেমাই’ নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের গুরুতর অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটিতে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই খোলা ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
জানা যায়, উৎপাদন স্থানের চারপাশে ময়লা-আবর্জনা ও ধুলোবালির মধ্যে কর্মীরা কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়াই সেমাই তৈরির কাজ করছেন। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় স্যানিটেশন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা একেবারেই অনুপস্থিত। এতে করে উৎপাদিত খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটিতে কোনো সাইনবোর্ডও দেখা যায়নি। এছাড়া কারখানার ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স এবং বিএসটিআই অনুমোদনপত্র দেখতে চাইলে কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যান, যা পুরো কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
দীর্ঘদিন ধরেই এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি নেই। এ বিষয়ে কারখানার মালিক মো. আজাদ হোসেনের সাথে কথা হলে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি এড়িয়ে যায়। এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।