চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামির উদ্দিন (৪০) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। তিনি একজন তালিকাভুক্ত অপরাধী হিসেবেও পরিচিত।
প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাহারছড়া ইউনিয়নের একটি স্থানীয় দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিকে তার বসতবাড়িতে নিয়ে তল্লাশি চালানো হলে একটি দেশীয় তৈরি পিস্তল, দুটি তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিতভাবে সময়োপযোগী ও কার্যকর অভিযান পরিচালনা করা হচ্ছে।
নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। জনসাধারণের জানমাল ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আটক জামির উদ্দিনকে উদ্ধারকৃত অস্ত্রসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।