চট্টগ্রামের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত শ্রমিক দলের একটি কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দক্ষিণ বাকলিয়া ডিসি রোড, বউবাজার, মেহমান কলোনি ও বাদামতলী খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে পরিচিত মো. জাকির প্রকাশ আতুরি জাকিরের নেতৃত্বে প্রায় ৮০ থেকে ১০০ জন ব্যক্তি শ্রমিক দলের ওই কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং উপস্থিত কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয় বলে দাবি করা হয়েছে। হামলাকারীরা কার্যালয়ে থাকা মোবাইল ফোন, ল্যাপটপ, চেয়ার ও সাউন্ড বক্স নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি বিএনপির নির্বাচন প্রচারণার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে।
শ্রমিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় নেতৃত্বদানকারী ব্যক্তি ১৯ নম্বর ওয়ার্ডে তাঁর অনুমতি ছাড়া কোনো বিএনপির কার্যালয় স্থাপন করা যাবে না বলে হুমকি দেন।
এ ঘটনায় আহত হওয়ার অভিযোগ করেছেন
চট্টগ্রাম মহানগর যুবদলের সদস্য মোঃ ফারুক, বাকলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল বারেক ও শ্রমিকদল নেতা মো. কবিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। তাঁদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের কেন্দ্রে থাকা মো. জাকির ওরফে আতুরি জাকির (৪৫) দক্ষিণ বাকলিয়া এলাকার বাসিন্দা। তিনি ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে বলে জানানো হলেও এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
